বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ছবি প্রদর্শিত হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটের তথ্য ও ছবি নিয়মিত হালনাগাদ করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেটি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের আওতাধীন আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে এসব ছবি দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কেউ কেউ ওয়েবসাইটের ছবি স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।
ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন তার কার্যালয়ের নির্ধারিত আসনে বসে আছেন। তার ডান পাশে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মহসীন আলীসহ কয়েকজন ব্যক্তি হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছবিটির পেছনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি দৃশ্যমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে থাকা তথ্য ও ছবি হালনাগাদের প্রয়োজন থাকলেও অনেক ক্ষেত্রেই তা করা হয়নি। আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটেও দীর্ঘ সময় ধরে পুরোনো ছবি প্রদর্শিত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ বলেন, ‘দীর্ঘ সময় ধরে পুরোনো ছবি বা তথ্য প্রদর্শিত থাকা প্রশাসনিক অবহেলার বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ওয়েবসাইট হালনাগাদ করা।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন বলেন, ‘অফিস সহকারী না থাকায় ওয়েবসাইট আপডেট করা হয়নি। আমি এসব কাজে সময় দিতে পারি না, তাই বিষয়টি চোখে পড়েনি। প্রয়োজন হলে এখনই আমি নিজেই ছবিটি সরিয়ে নিচ্ছি।’
তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না।’
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, ‘বিষয়টি দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরিবর্তন করানো হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

