প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানবপ্রাচীর, সমাবেশ ও ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কয়েক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা–বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

মানবপ্রাচীর ও সমাবেশে বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। তারা দাবি করেন, প্রস্তাবিত স্থানেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে উত্তরাঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। এ ছাড়া ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, নির্মাণাধীন বগুড়া–সিরাজগঞ্জ রেলপথের সম্ভাবনা এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী হওয়ায় এলাকাটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত।

তিনি আরও বলেন, এ এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি গবেষণা, স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

বক্তারা অভিযোগ করেন, ভূমি অধিগ্রহণের অজুহাতে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার আহ্বান জানান।

তাদের দাবি, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হোক।

কর্মসূচির একপর্যায়ে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে উপস্থাপনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরে ধীরে ধীরে ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন