বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত দুই, আহত ৭

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত দুই, আহত ৭

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে, একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়দুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসফেরত এক ব্যক্তিকে গ্রহণ করে তারা সাতজন স্বজন মাইক্রোবাসযোগে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোররাত ৪টার দিকে গাড়িটি শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভুলবশত মহাসড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসের চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়দুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ দ্রুত আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

শেরপুর হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত যান উদ্ধারসহ প্রয়োজনীয় অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন