নওগাঁয় আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁয় আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। শহরের শহীদুলের মোড় এলাকার বাসিন্দা দেলোয়ারের তার পিতার নাম মছির উদ্দিন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার অথবা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাততলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন