প্রায় ৩৩ বছর পরে ইতিহাস যেন ফিরে এলো একই কক্ষে, একই অনার বোর্ডে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনার বোর্ডে ৬ নম্বরে লেখা আছে প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক ফজলুর রহমান পটলের নাম। আর ঠিক তিন দশক অতিক্রম করে, একই বোর্ডে যুক্ত হলো তার কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম।
একই মন্ত্রণালয়, একই দায়িত্বে বাবার পথ ধরেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপি মনোনীত রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ফারজানা শারমিন পুতুল। শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভায় যোগ দেওয়ার ডাক পান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, আর পরের দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে পালন করেন প্রথম কার্যদিবস।
প্রথম দিন কার্যদিবস শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
আবেগঘন পোস্টে তিনি লেখেন-
‘আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি। দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই, যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না। বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন-‘I was waiting here for you!’ (আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম)।”
নাটোর-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান পটল। ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তিনি নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
তিনি ১৯৯১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী, ১৯৯৩ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে চার দলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা ছিল ব্যাপক। এই পথ চলায় মানুষের ভালোবাসায় লালপুর-বাগাতিপাড়া অঞ্চলে তিনি “হ্যামিলিওনের বাঁশিওয়ালা” খ্যাত এক জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন । তিনি বিএনপির প্রচার সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির চেয়ারপার্সনের খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন।
কিডনিজনিত সমস্যায় ২০১৬ সালের ১১ আগস্ট তিনি ইন্তেকাল করেন। তাঁর জানাজায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন-যা তাঁর জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।
বিএনপি'র প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের কনিষ্ঠ কন্যা পুতুল। বিএনপির মনোনয়ন পেতে তাঁকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। নিজ দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু এবং তাঁর আপন বড় ভাই ডা. ইয়াসির আরশাদ রাজনকে পেছনে ফেলে তিনি মনোনয়ন লাভ করেন।
মনোনয়ন না পেয়ে ভাই ডাক্তার রাজন ও তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে প্রচারণা শুরু করেন। শেষ মুহূর্তে ভাই ডা. রাজন সরে দাঁড়ালেও তাইফুল ইসলাম টিপু শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
একদিকে বিএনপির বিদ্রোহী (বহিষ্কৃত) প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন লালপুরের বেটি পুতুল।
৪১ বছর বয়সী ফারজানা শারমিন পুতুল ১৯৮৪ সালের ২ নভেম্বর নাটোরের লালপুরের গৌরীপুরে জন্ম গ্রহণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর লন্ডনের BPP University Law School থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল’য়ে স্নাতকোত্তর এবং ব্যারিস্টার ডিগ্রি নেন। বর্তমানে ‘রাইটস চেম্বারস’-এর আইনজীবী হিসেবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন।
দলে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক কার্যক্রম, বিএনআরসি এডিটোরিয়াল বোর্ড ও মিডিয়া সেলের সঙ্গে যুক্ত এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর মা কামরুন্নাহার শিরিন ঢাকার একটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। বাবার মৃত্যুর পরে তিনিও নাটোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে
বিজয়ী হয়ে ফারজানা শারমিন পুতুল তার নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে পুতুল দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে। এ খবরে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আনন্দ-উৎসবের আমেজ।
৩৩ বছর আগের সেই কক্ষ, সেই দায়িত্ব- আজ নতুন প্রজন্মের হাতে। ইতিহাসের পুনরাবৃত্তি হলেও সামনে এখন নতুন চ্যালেঞ্জ, নতুন প্রত্যাশা। এলাকাবাসীর প্রত্যাশা আগামী দিনে নাটোর সহ দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন লালপুরের বেটি পুতুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

