আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নরসিংদীতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি

নরসিংদী-৩ (শিবপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি বলেন, নিজ নির্বাচনি এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

নির্বাচনের পর ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপজেলা শিবপুর উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মনজুর এলাহি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত করায় কৃতজ্ঞতা স্বীকার করে তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।

সংসদ সদস্য মনজুর এলাহী উপজেলা পরিষদের কর্মকর্তাদের লক্ষ করে আরও বলেন, নরসিংদী জেলা ঢাকার নিকটবর্তী হওয়ায় অনেক কর্মকর্তাই কর্মস্থলে অনুপস্থিত থাকেন।

এছাড়া অনেক কর্মকর্তাই সপ্তাহে দু-তিন দিনের বেশি অফিস করেন না। এখন থেকে তা পরিহার করতে হবে। এখন থেকে এ উপজেলায় কর্মকর্তাদের যার যার কাজের মূল্যায়ন হিসেবে তিরস্কার ও পুরস্কার দুটিই পাবেন। যারা ভালো করবেন তারা পুরস্কার পাবেন আর যারা অবহেলা ও দুর্নীতি করবেন তারা তিরস্কার পাবেন, এটা নিশ্চিত। এছাড়া দুর্নীতি রোধে সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ. আবদুর রহিম, শিবপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন ও সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের কর্মকর্তাগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন