বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সজল কুমার চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদেরও শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সজল চক্রবর্তীর সহকর্মী অ্যাডভোকেট বিপ্লব কুমার দে জানান, প্রতিদিনের মতো আজ সকাল ৬টার দিকে তিনি তার কালীবাড়ি রোডের বাসা থেকে হাঁটতে বের হন। সকালে বাসা থেকে বের হয়ে নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরে প্রণাম করে বের হওয়ার পরপরই একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক, এক আরোহী এবং অ্যাডভোকেট সজল চক্রবর্তী গুরুতর আহত হন।
এ সময় মন্দিরের আশপাশে থাকা স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে অ্যাডভোকেট সজল কুমার চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে সড়ক দুর্ঘটনায় আহত আইনজীবী সজল চক্রবর্তী সকাল ৮টা ৫ মিনিটে মারা যান। অন্য দুজন গুরুতর আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

