ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম লক্ষ করা গেছে। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে আটক করার খবর পাওয়া গেছে।
দানারহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে আটক ব্যক্তিরা হলেন—আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল, সিয়াম ও মিনহাজ। অন্যদিকে ২৯ মাইল ধন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আরও একজনকে আটক করা হয়।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ভোটার মির্জা ফয়সল বলেন, ‘এইমাত্র ভোট দিলাম। এখনই পরিবেশ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা সমীচীন হবে না। তবে মনে হচ্ছে, উৎসবমুখর পরিবেশেই ভোট সম্পন্ন হবে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।’
তিনি আরও বলেন, ‘আবহাওয়া কিছুটা প্রতিকূল, তার পরও আশা করি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ভালো হবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জনগণের মতামতই চূড়ান্ত, জনগণের রায়কে সম্মান জানাতে আমরা প্রস্তুত।’
অন্যদিকে, আদর্শ স্কুল ভোটকেন্দ্রে ১১ দলীয় প্রার্থী দেলোয়ার হোসেন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই যেন ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে ও সাহসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে আগামী দিনের স্বপ্নের ঠাকুরগাঁও গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে।’
এদিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আনসার বাহিনীর এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
—এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

