মিরসরাইয়ে বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

মিরসরাইয়ে বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মস্তাননগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাহার ফিড মিলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মৃত নুরুল হাসানের ছেলে মো. আমিন (৩৭) ও মৃত সুলতানের ছেলে দ্বীন মোহাম্মদ (২৭)।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যাত্রীবেশে নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী ‘নীলাচল পরিবহন’-এর একটি বাসে গাঁজা নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে মস্তাননগরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টের কাছে বাসটি পৌঁছালে দুই যাত্রী তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে তড়িঘড়ি করে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জোরারগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে চালান দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন