‘জয় বাংলা স্লোগান’ দেওয়া বিএনপি নেতাকে শোকজ

‘জয় বাংলা স্লোগান’ দেওয়া বিএনপি নেতাকে শোকজ

সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখ মানববন্ধনে বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট এলাকায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মিন্টু শেখ। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

পরে তার দেওয়া বক্তব্য ও স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে জেলা বিএনপি সূত্রে জানা গেছে।

জেলা বিএনপি সূত্র জানায়, দায়িত্বশীল পদে থাকা একজন নেতার প্রকাশ্য কর্মসূচিতে এমন স্লোগান দেওয়ার বিষয়টি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। বিষয়টি দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচনা করে মিন্টু শেখের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

নোটিশ পাওয়ার পর আগামী তিন দিনের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য মিন্টু শেখকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন