সড়কে রহস্যময় ঘটনা, ‘ভূত-জ্বীন’ থেকে বাঁচতে মিলাদ মাহফিল

সড়কে রহস্যময় ঘটনা, ‘ভূত-জ্বীন’ থেকে বাঁচতে মিলাদ মাহফিল

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা ভাঙ্গা মসজিদের পাশের তিন মাথার সড়কে কয়েক দিন ধরে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে বলে দাবি করেছেন স্থানীয়রা। কথিত ভূত-জ্বীনের আতঙ্ক থেকে গ্রামবাসীকে নিরাপদ রাখতে শনিবার রাতে আয়োজন করা হয় মিলাদ মাহফিল। এতে প্রায় ৬০০ নারী, পুরুষ ও শিশু অংশ নেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, কয়েক দিন আগে রাতে তিন রাস্তার মোড়ের পাশের একটি পুকুরে এক ব্যক্তিকে কোনো অজ্ঞাত বস্তু ফেলে দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। এ ছাড়া ওই সড়কে চলাচলের সময় সাপ, বিড়ালসহ বিভিন্ন ধরনের অস্বাভাবিক বস্তু দেখা যায় এবং পরে সেগুলো চোখের সামনেই অদৃশ্য হয়ে যায় বলেও দাবি করেন তারা।

এসব ঘটনাকে ভূত বা জ্বীনের কর্মকাণ্ড বলে মনে করছেন এলাকাবাসীর কেউ কেউ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসী ইসমাইল জানান, কয়েক দিনের এসব ঘটনার পর গ্রামের মুরব্বি ও স্থানীয়রা একত্রিত হয়ে চাল-ডাল সংগ্রহ করেন। শনিবার সকাল থেকে খিচুড়ি রান্না ও মিলাদ মাহফিলের প্রস্তুতি শুরু হয়। সন্ধ্যার পর প্রায় ৬০০ মানুষ এতে অংশ নেন এবং পরে তবারক নিয়ে বাড়ি ফেরেন।

ইসমাইল বলেন, ভূত বলে কিছু না থাকলেও জ্বীন থাকতে পারে। তাই ইসলামী শরিয়াহ অনুযায়ী মিলাদ পড়িয়ে এসব বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়েছে।

এদিকে, ঘটনাটি নিয়ে অনেকে হাস্যরস ও ব্যঙ্গাত্মক নানা ভিডিও তৈরি করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এতে ঘটনাটি নিয়ে এলাকায় আরও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে মুফতি মোহাম্মদ মফিজ উদ্দিন বলেন, ভূত বলে কিছু নেই। তবে বদজ্বীনের আছর থাকতে পারে। পবিত্র কোরআনে বদজ্বীন থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন