গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেপ্তার, নেপথ্যে কাট-আউট চক্র

রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, অস্ত্রের চালানটি খুলনায় নিয়ে যাওয়ার জন্য ‘কাট-আউট’ পদ্ধতিতে পরিবহন করা হচ্ছিল। এ পদ্ধতিতে চক্রের এক স্তরের সদস্যরা অন্য স্তরের সদস্যদের পরিচয় সম্পর্কে জানেন না।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলার সাইরহল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) ও মোছা. পিংকি খাতুন (২৮)।

শনিবার সকালে রাজশাহী জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলারে তল্লাশি চালিয়ে শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মিমি দুটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে খুলনায় কার কাছে এসব অস্ত্র হস্তান্তর করা হবে, তা তারা জানতেন না বলে দাবি করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্র পাচারে জড়িত চক্রটি ‘কাট-আউট’ পদ্ধতি অনুসরণ করছিল। এ পদ্ধতিতে নেটওয়ার্কের এক স্তরের সদস্যরা অন্য স্তরের সদস্যদের পরিচয় সম্পর্কে অবগত থাকেন না। পরিকল্পনা অনুযায়ী, খুলনায় পৌঁছানোর পর ফোনের মাধ্যমে নতুন নির্দেশনা দিয়ে অস্ত্রের প্রকৃত প্রাপক নির্ধারণ করার কথা ছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই অস্ত্র চালানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার আরেক শাহীন আলী (৫৬) জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তিনি সীমান্ত এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

এদিকে গ্রেপ্তারকৃত শাহীন আলীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছিল।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অস্ত্রের মূল সরবরাহকারী, খুলনার সম্ভাব্য প্রাপক এবং পুরো চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...