সার্বভৌমত্ব-গণতন্ত্র রক্ষায় দেশের পাশে সবসময় জিয়া পরিবার: দুলু

সার্বভৌমত্ব-গণতন্ত্র রক্ষায় দেশের পাশে সবসময় জিয়া পরিবার: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বেসরকারি শিক্ষকদের জন্যও জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্ব প্রথম শিক্ষকদের ৪০ ভাগ বেতন দেয়া শুরু করে। তিনিই পরে ৫০ ভাগ বেতন চালু করেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সিপাহী বিপ্লব, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের পক্ষে সকল আন্দোলন সংগ্রামে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হয়বতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, শিক্ষক নেতা সংগঠনের নেতা ও প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেজাউল করিম, আব্দুল মতিন, ইউসুফ আলী, শামসুন নাহার রেখা ও আব্দুল হাকিম, প্রমুখ।

শিক্ষক সমাবেশে দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফায় পরিষ্কারভাবে বলেছেন, আগামী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের বেতন ভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে এবং প্রয়োজনে শিক্ষাখাত সরকারিকরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন