নাটোরের লালপুর উপজেলার গর্বিত কন্যা সুবহানা ইসলাম নিঝুম ২০২৬ সালের বিটিভি আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র লালপুরবাসীর জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সুবহানা ইসলাম নিঝুম বর্তমানে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিযোগিতায় অসাধারণ যুক্তি, সাবলীল উপস্থাপনা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন। তার এই সাফল্যে আনন্দ ও গর্বে ভাসছে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ। সামাজিক মাধ্যমে চলছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা।
নিঝুম গৌরীপুরের গর্ব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নাতনি, কণ্ঠশিল্পী শাহেদ আলমের ভাতিজি এবং স্কুলশিক্ষক নজরুল ইসলাম শামীম ও খাজিনা খাতুন দম্পতির মেয়ে। ছোটবেলা থেকেই মেধা, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় নিজেকে আলাদা করে তুলেছেন তিনি।
নিঝুমের এই অসাধারণ অর্জনে অভিনন্দন জানিয়ে এলাকাবাসী জানায়, তার সাফল্য শুধু পরিবারের নয়, সমগ্র লালপুর ও নুরুল্লাপুর গ্রামের গর্ব। নতুন প্রজন্ম তার সাফল্য থেকে অনুপ্রাণিত হবে এবং নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশে উৎসাহ পাবে।
এদিকে নিঝুমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভাকাঙ্ক্ষীরা বলেন, ‘আমরা দোয়া করি, সুবহানা ইসলাম নিঝুম ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে বাবা-মা, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের মুখ আরও উজ্জ্বল করবে। তার অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকুক।’
লালপুরের এই কৃতী সন্তানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে এলাকার সর্বস্তরের মানুষ।
তার এ অর্জন নিঃসন্দেহে লালপুরের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
নিঝুমের চাচা কণ্ঠশিল্পী শাহেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে বিটিভি বিতর্ক প্রতিযোগিতা প্রচারিত হয়। প্রতিযোগিতায় নিঝুম সেরা বক্তা নির্বাচিত হয়। তিনি ভাতিজি নিঝুমের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

