খামারমালিকের খামখেয়ালিপনা

ঈশ্বরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
ছবি: আমার দেশ

পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে মুরগি চুরি ঠেকাতে চারপাশে টাঙানো বিদ্যুতের তারে জড়িয়ে হাফেজ আলামিন (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে এবং ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খাদেম ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সজীব হোসেন নওদাপাড়া এলাকায় একটি পোল্ট্রি খামার ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। খামারে মুরগি চুরি ঠেকাতে তিনি চারপাশে বিদ্যুতের অরক্ষিত তার বিছিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। তবে খামারের শ্রমিক আলামিন এ বিষয়ে অবগত ছিলেন না বলে জানান স্থানীয়রা।

প্রতিদিনের মতো সোমবার ফজরের নামাজ আদায় করে খামারে কাজে যোগ দেন আলামিন। এ সময় শেডের চারপাশে বিছিয়ে রাখা বিদ্যুতের তারে অসাবধানতাবশত জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং আলামিনের লাশ উদ্ধার করেন।

ঈশ্বরদী থানার এসআই শফিকুর রহমান জানান, খামারমালিক সজীব হোসেনের বিরুদ্ধে নিরাপত্তাহীন পরিবেশে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন এবং তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন