নাটোরের বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর মাত্র আধা ঘণ্টার ব্যবধানে শোকে স্ত্রীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন বাটিকামারী গ্রামের মৃত আহসান সরকারের ছেলে হায়দার আলী (৭০) এবং তার স্ত্রী রহিমা বেগম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ দোকানে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হায়দার আলী। স্থানীয়দের সহযোগিতায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়না দিলেও পথেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে এলে স্ত্রী রহিমা বেগম ভেঙে পড়েন। প্রায় আধা ঘণ্টার ব্যবধানে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে স্ট্রোকে তাদের একমাত্র ছেলে জুয়েল মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলের মৃত্যুর পর থেকেই বৃদ্ধ দম্পতি গভীর মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। সংসারের একমাত্র উপার্জনের উৎস ছিল হায়দার আলীর মুদিদোকান। পরে সেখানে পুত্রবধূও তাকে সহযোগিতা করতেন।
তিনি আরো জানান, ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে ভুগছিলেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার তার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে রহিমা বেগমও মারা যান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাটিকামারী সামাজিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

