সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন আত্মহত্যা করেছেন প্রেমিক রাকিব প্রামাণিক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আম বাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
মৃত্যুর আগে নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ওই তরুণীকে তিনি ভালোবাসতেন এবং তরুণীও তাকে ভালোবাসতো। তবে পরিবার মেয়েটিকে বিয়ে দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। পোস্টে তিনি আরো লেখেন, মেয়েটিকে না পেলে তিনি বেঁচে থাকবেন না। একই সঙ্গে তিনি তার মৃত্যুর জন্য মেয়েটির বাবা-মাকে দায়ী করেন এবং তাদের পরিচয় উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে রাকিব তার বাবা-মায়ের কাছে ক্ষমা চান। ওই পোস্টে তিনি লেখেন, কোনো কিছু না জানিয়েই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। পোস্টের শেষে তিনি বিদায় জানান এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

