নাটোরের লালপুর উপজেলায় পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। লালপুর থানার এসআই গোলাম মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে মিলন সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। আটক মিলন সরকার মোহরকয়া গ্রামের মমজেদ সরকারের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে হেরোইন ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

