সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ক্ষতির দায়ে একটি ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার বিলচন্ডী এলাকায় অবস্থিত মেসার্স তানজিলা ব্রিকস থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষতির অভিযোগ ছিল।
গত ৩০ এপ্রিল ইটভাটার ধোঁয়ায় প্রায় ৮০ বিঘা জমির বোরো ধান নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভ করে ভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানান। এমন সংবাদ আমার দেশ অনলাইন গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।
এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ও পরিবেশবিধ্বংসী ইটভাটাগুলোর বিরুদ্ধে এই অভিযান চালায়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলমসহ জেলা আনসার ও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- মেসার্স সুফিয়া ব্রিকস (২ লাখ টাকা), মেসার্স রুহি ব্রিকস (২ লাখ টাকা), মেসার্স রাণীনগর ব্রিকস (১ লাখ টাকা), মেসার্স আশা ব্রিকস (৫ লাখ টাকা) এবং মেসার্স তানজিলা ব্রিকস (১ লাখ টাকা)। এর মধ্যে পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে তানজিলা ব্রিকসের কিলন সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

