বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন , বাংলাদেশ হবে বিশ্বের 'এডুকেশন হাব'। সেভাবেই আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলছি।

বিজ্ঞাপন

শনিবার 'নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসতো। এখন এদেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে 'সেন্টার অফ এক্সিলেন্স' হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশী শিক্ষার্থীরা এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে। আমাদের লক্ষ্য এ দেশকে আন্তর্জাতিক 'এডুকেশন হাব' এ পরিণত করা।

তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এদেশ থেকে যারা দেশের বাইরে পড়তে গিয়েছে, তারা ভালো ফলাফল ও সুনাম অর্জন করেছে। এদেশের প্রচুর জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

এহছানুল হক মিলন বলেন, কোন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে হলে, সেই অঞ্চলের চাহিদাগুলোর দিকেও নজর রাখতে হয়। এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণ আম ও অন্যান্য ফসল উৎপাদন হয়, তাই সেদিকে লক্ষ্য রেখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে নতুন বিষয় চালু করা যেতে পারে। সেক্ষেত্রে, 'ফুড টেকনোলজি'র মত বিষয়গুলো সংযুক্ত হতে পারে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ- আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এছাড়াও নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন