লালপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে হাফেজের মৃত্যু

লালপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে হাফেজের মৃত্যু
নিহত হাফেজ আবদুল্লাহ। ছবি: আমার দেশ

নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ্ আল মামুন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একজন কোরআনের হাফেজ। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন-একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আব্দুল্লাহ্ আল মামুন উপজেলার উত্তর লালপুর গ্রামের শহীদুল ইসলাম লাকীর ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পরে তিনি খায়রুল উম্মা হাফেজিয়া মাদরাসা থেকে গত বছর হাফেজিয়া পাস করেন। ওই মাদরাসার মাহতামিম হাফেজ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত ইমরান ও মনির অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন