পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে পৌর এলাকার নারিচা স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাহাবুল (৩৫) ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি ওই এলাকার মৃত হাজীর উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ঈশ্বরদী শহরে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বাসভবনে তার ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের উদ্যোগে রাতে একটি গোপন বৈঠক হয়। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানার পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেদিন কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে এ ঘটনায় শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৬০ থেকে ৭০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে মাহাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

