অবৈধ মজুতের সার জব্দ, জামায়াত নেতাকে জরিমানা

অবৈধ মজুতের সার জব্দ, জামায়াত নেতাকে জরিমানা
ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুদামে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবারের মধ্যে রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০-২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে যান।

কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, নিয়মবহির্ভূতভাবে ওই ব্যক্তি একজন ডিলারের কাছ থেকে ১৮ বস্তা ইউরিয়া সার নিয়ে তার বাসায় রেখেছিলেন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন