প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: আম্মার

প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: আম্মার

‘চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা দেওয়ার আগেই যাচাই করুন, সে জিয়ার সৈনিক কি না। যদি সে জিয়ার সৈনিক না হয়, তাহলে তাকে আগেই বাদ দিয়ে দিন।’ সরকারকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার।

বিজ্ঞাপন

রোববার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড প্রাঙ্গণে সরকারি চাকরিতে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে পাসকৃত প্রার্থীদের অবৈধভাবে বাতিলের প্রতিবাদে রাকসু আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আম্মার বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলার জন্য এত দেরি করার দরকার নেই। আপনাদের যদি ভেরিফিকেশনটাই এত দরকার হয়, তবে অনার্স সম্পন্ন করে যখন সে পরীক্ষা দিতে আসবে, তখনই যাচাই করুন সে আপনাদের জিয়ার সৈনিক কি না। যদি জিয়ার সৈনিক না হয়, তাহলে তাকে পরীক্ষায় বসতে দেওয়ার দরকার নেই। একজন প্রার্থী প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পেরিয়ে সবকিছু শেষ করার পর ভেরিফিকেশনের নামে এই মূলা ঝোলানোর কী দরকার আছে?’

জিএস আম্মার আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা ধ্বংস করে দেওয়া। শিক্ষামন্ত্রীর একমাত্র লক্ষ্য দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা। তাদের সন্তানেরা আমেরিকায় পড়াশোনা করবে আর রাষ্ট্রের প্রতিটি জায়গায় তারা দলীয়করণ করে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ক্ষেত্র তৈরি করছেন।’

এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের ওপর স্বৈরাচারী আচরণ করা হয়েছে। শিক্ষার্থীদের এই বোবা কান্না যদি নেতৃত্বের কানে না পৌঁছায়, তবে শিক্ষার্থীদের ক্ষোভ মসনদ কাঁপিয়ে দেওয়ার আগেই আমরা রাজপথে উপস্থিত হয়েছি। ভেরিফিকেশনের নামে দলীয়করণের পাঁয়তারা বন্ধ না করলে সারা দেশের শিক্ষার্থীরা জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

এ সময় রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন