যাদুটোনার অভিযোগ : প্রবাসীর স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয় গ্রাম

যাদুটোনার অভিযোগ : প্রবাসীর স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয় গ্রাম
তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়। ছবি: সংগৃহীত

নাটোরে গুরুদাসপুরে মিথ্যা যাদুটোনার অভিযোগে সৌদি প্রবাসীর স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে মারধর করে গলায় জুতার মালা ঝুলিয়ে গ্রাম ঘোরানো হয়েছে। ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে পৌর সদরের চাঁচকৈড় গারিষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ওই এলাকার আকবর আলীর ছেলে জিয়ারুল হক ও তার বড় ভাইয়ের জামাই রাতুলের পরিবারের বিরুদ্ধে বর্বরোচিত এ ঘটনার অভিযোগ ওঠেছে।

জানা যায়, প্রবাসীর মেয়ে, স্ত্রী ও শাশুড়িকে তুলে নিয়ে যুবদল নেতা জিয়ারুল হকের বাড়িতে আনা হয়। সেখানে তাদের মারধর করে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়। এসময় ১০ লাখ টাকা দিলে তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকবে না—মর্মে সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও নেন ইয়ারুল ও তার ভাই জিয়ারুল। থানা-পুলিশের কাছে গেলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়।

এদিকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসীর পরিবার। তার স্ত্রী নির্মমতার বর্ণনা দিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যান। জিয়ারুল-ইয়ারুল মিথ্যা নাটক সাজিয়ে তাদের বেদম প্রহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনার কিছুদিন আগে স্থানীয় এক কবিরাজ আমিরুল ইসলামকেও মারধর করার অভিযোগ রয়েছে জিয়ারুল ও ইয়ারুলের বিরুদ্ধে।

স্থানীয় প্রতিবেশী মোবারক আলী, হাবিল উদ্দিনসহ অনেকেই বলেন, ‘প্রবাসীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে। এর কঠোর বিচার না হলে অপরাধপ্রবণতা আরো বৃদ্ধি পাবে।’

এ ব্যাপারে অভিযুক্ত ইয়ারুল হক জানান, ‘আমার মেয়েকে বান মারা হয়েছে। এ জন্য গ্রামের মানুষ তাদের ডেকে আনেন এবং জুতার মালা পরিয়ে ঘোরান।’ তবে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করা হবে না। নিরাপত্তার স্বার্থে তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন