নাটোরে সোহেল রানা নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার দায়ে মোজাফফর হোসেন মন্টু (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (চতুর্থ আদালত) বিচারক মো. দেলোয়ার হোসেন বুধবার বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর দুই আসামি রেজাউল করিম ও মুক্তার আলীকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোজাফফর হোসেন মন্টু লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মুনসাদ আলীর ছেলে। খালাস পাওয়া অপর দুই আসামি হলেন—একই এলাকার মৃত শামসের প্রামাণিকের ছেলে রেজাউল করিম ও মৃত মোকছেদ আলী প্রামাণিকের ছেলে মুক্তার আলী।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি সকালে লালপুরের পুরাতন ঈশ্বরদী মাঠে নিজের কলাগাছ রোপণ করতে যায় সোহেল ও তাঁর ভাই সোহাগ। সে সময় রেজাউল করিম, মোজাফফর হোসেন ও মুক্তার আলী লাঠি ও লোহার রড নিয়ে তাদের জমিতে গিয়ে হামলা চালান। এ সময় মোজাফফরের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সোহেল।
পরে তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ফেব্রুয়ারি মারা যায় সোহেল। এ ঘটনায় নিহত সোহেলের বাবা মুকুল হোসেন বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি লালপুর থানায় মামলা দায়ের করেন।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, আদালত দীর্ঘ দিন মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। রায়ে আরো নির্দেশ দেওয়া হয়েছে, জরিমানার ৫ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা মামলা পরিচালনা বাবদ খরচ হিসেবে সরকারি কোষাগারে জমা হবে এবং বাকি ৪ লাখ টাকা মামলার বাদীকে প্রদান করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

