রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে খড় বোঝায় নৌকাতে মধ্যচর থেকে বড়কুটি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নৌকা থেকে ছয়জন উদ্ধার হলেও বাবা-ছেলে এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এ ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) সাঁতরে নদীর পাড়ে ওঠে প্রাণে বেঁচে যান।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা নদীতে জেগে উঠা চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে তারা একটি নৌকায় ফিরছিলেন। নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। নৌকাটি মাঝ নদীতে হঠাৎ স্রোতের মাঝে পড়ে ডুবে যায়। এসময় সাঁতরে ছয়জন কিনারায় উঠলেও কাউসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যায়।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক মুঞ্জিল হক বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

