নাটোরের এসপির উদ্যোগে বিনামূল্যে ঢাকায় ফিরলেন শতাধিক যাত্রী

নাটোরের এসপির উদ্যোগে বিনামূল্যে ঢাকায় ফিরলেন শতাধিক যাত্রী

বাসের টিকেট সংকটের কারণে ঢাকায় ফিরতে পারছিলেন না কিছু মানুষ। বাস টার্মিনালে যাত্রীর অভাব নেই, কিন্তু টিকেটের হাহাকার। ঢাকায় আসার টিকেট না পেয়ে হতাশ হয়ে পড়েন ওই সব যাত্রী। তবে নাটোর জেলার পুলিশ সুপারের (এসপি) উদ্যোগে তাদের দুশ্চিন্তা লাঘব হয়। কারণ এসপি আমজাদ হোসাইন পুলিশের দুটি বাসে তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) দুপুরে জেলা শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুটি বাসের মাধ্যমে ওই যাত্রীদের ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন তিনি।

দুপুরে বাস টার্মিনালগুলোতে যাত্রীবাহী বাসে ভাড়া নিয়ন্ত্রণ এবং যাত্রী হয়রানি বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পরিদর্শনে যান পুলিশ সুপার। এ সময় বাস না পেয়ে টার্মিনালে শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষায় বসেছিলেন।

অধিকাংশ যাত্রী বাসের টিকেট পেলেও কিছু যাত্রী কোনো বাসের টিকেট পাননি। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে নিম্ন আয়ের এই মানুষগুলোর জন্য বিনামূল্যে দুটি বাসের ব্যবস্থা করেন তিনি। পরে দুটি বাসে নাটোর থেকে ঢাকায় ফেরেন তারা। এতে যাত্রীরাও স্বস্তি বোধ করেন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসপি আমজাদ হোসাইন বলেন, বাসস্ট্যান্ডে কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরতে বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বাস না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাই মানবিক কারণে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য দুটি বাসের ব্যবস্থা করা হয়। ১২৫-৩০ জন যাত্রীকে দুই বাসে করে গাজীপুরসহ ঢাকার বিভিন্ন গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন