জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে—এই নতুন জালেম সরকার বা বিএনপি যদি তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার, সার সংকট নিয়ে সিন্ডিকেট ও দলীয়করণের অপকর্মগুলো করতে থাকে এবং পাঁচ বছর বাংলাদেশকে শাসন করে, তবে আমরা দুর্ভিক্ষে মারা যাবো। আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি।
শুক্রবার বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের একটা লাইন আমি ধারণ করি, ওরাও বলে, ওদের সঙ্গে সঙ্গে আমিও বলি। আমরা তো সেই শহীদী তামান্না নিয়ে এসেছি। আমাদের চোখ রাঙিয়ে লাভ নাই। বাংলার মাটি আর ভারতের অঙ্গরাজ্য হবে না। বাংলার মাটিতে আর কোনো নতুন স্বৈরতন্ত্রকে আমরা কায়েম হতে দেবো না।’
রাশেদ প্রধান বলেন, ‘আমার এই উত্তরবঙ্গ শুরু থেকেই অবহেলিত। রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ—আমি তো রাজশাহী শহরটা ব্যতিরেকে রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে কোনো উন্নয়ন দেখতে পাই না। হাইওয়ের কিছু রাস্তা পাকা হলেই বলে দেওয়া যায় না যে ওই জেলা উন্নত হয়ে গেছে। আমি কোনো উন্নয়নের ছিটেফোঁটা দেখতে পাই না। এই উন্নতিটা তো আমাদের ঘটাতে হবে। আমরা এই অঞ্চলের মানুষ হিসেবে যেটা বলতে পারি, ওই সময়েও আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিল—এই উত্তরবঙ্গ থেকেই তো আবু সাঈদ। আমরা তো যুগে যুগেই প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা নতুন করে নামার জন্য প্রস্তুত আছি, শহীদী তামান্না নিয়ে তৈরি আছি। জুলাইয়ের চেতনা রক্ষা করতে আবার নামতে হলে আমরা আবার নামবো।’
তিনি আরো বলেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, এই যুদ্ধটা ১১ দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা বাংলাদেশের সার্বভৌমত্বের যুদ্ধ এবং এই যুদ্ধটাতে আমাদের জয়যুক্ত হতেই হবে। আমার সামনে ক্ষমতা কোনো ফ্যাক্টর না। ওপরে আল্লাহ আছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি খালি মরার আগে এইটুকু দেখতে চাই—এই দেশটা পরিপূর্ণ স্বাধীন এবং সার্বভৌম। এই দেশের মধ্যে বিন্দু পরিমাণ ভারতীয় আধিপত্য নাই, দেশবাসীর মধ্যে মানবিকতা আছে, ইনসাফ আছে। আমি এটা চাই, আমি ক্ষমতা চাই না। আমি সেই মানুষ।’
নব্য জালেমদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। আমার বাসায় যখন হামলা করা হয়েছে, আমি তখনও ভয় পাই নাই। আমাকে ভয় দেখানো এত সহজ না। আমার মৃত্যু যেই সেকেন্ডে লেখা আছে, আমি সেই সেকেন্ডেই মৃত্যুবরণ করব। কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর ওই সেকেন্ডের এক সেকেন্ড আগেও ভারতীয় চর কিংবা বিএনপি ও আওয়ামী লীগের কেউ আমাকে মারতে পারবে না, আমি এটা জানি। আর মরব তো একবারই।’
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান ও এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

