আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা

বিরোধী দলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে। তারা রায় দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করার মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে তারা বাংলাদেশের জনগনের সাথে প্রতারণা করছে।

তিনি রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার সামনে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচনি এলাকার সকল জায়গায় বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিরোধী দলীয় হুইপ বলেন, যদি জুলাই বিপ্লব না হতো তাহলে আজ আমি উল্লাপাড়াতে আসতে পারতাম না। গত ১৭ বছর আমাকে উল্লাপাড়াতে আসতে দেওয়া হয়নি। সংসদ সদস্য হওয়া তো দুরের কথা। এখন যারা সরকারে আছেন তারাও আমাদের সাথে আন্দোলনে ছিলেন। জুলাই বিপ্লবে কতটুকু ভুমিকা রেখেছে তা আমি বলতে চাইনা। তবে হাসিনা সরকারের বিরুদ্ধে তারা সব সময় আন্দোলনে ছিলো। কিন্তু তারা হঠাৎ করে জুলাই বিপ্লবকে অস্বীকার করে।

বিরোধী দলীয় হুইপ আরো বলেন, আমি মিডিয়াতে শুনেছি সরকারের কোনো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন গণভোট বলে কিছু নাই। তাহলে আপনি সাইন করলেন কেন? আপনার দলতো স্বাক্ষর করেছে। তাহলে আজ এটা বলছেন কেন? কাজেই অনেকে এখন মনে করছেন এসরকার অন্য কোনো জায়গার ইশারায় এদেশকে জুলাই পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত কি না। তবে আমরা পরিস্কার ভাষায় বলতে চাই জুলাই হলো বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। এই জুলাই বিপ্লবের জন্য প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছেন। ৭০ হাজার নারী পুরুষ আহত হয়েছেন। অনেকে পঙ্গু হয়েছেন। কাজেই এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তাহলে তাদের পরিনতি আগের সরকারের মতো হবে।

এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলী, সেক্রেটারি খায়রুল ইসলামসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন