আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন
ছবি: আমার দেশ

নেসকো কোম্পানির জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বরে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

প্রতিবাদের প্রতীক হিসেবে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে লেখা ছিল, ‘আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।’

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করছে এবং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক ও তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়েছে।

ভুক্তভোগীরা বলেন, ‘আগে যেখানে স্বাভাবিক বিল পরিশোধ করতাম, এখন প্রিপেইড মিটারের কারণে কয়েকগুণ বেশি টাকা খরচ হচ্ছে। অনেকেই নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না। এটি আমাদের ওপর এক ধরনের আর্থিক নির্যাতন।”

মানববন্ধন থেকে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, “আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক, নয়তো আমাদের বাঁচার পথ নেই।”

এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস, সহসভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন