বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই রাতে আরও দুটি পৃথক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় একটি ট্রাক থামানোর পর পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামের এক নারী প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া রাত ৯টার দিকে গাড়িদহের দশ মাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষে আরো চারজন আহত হয়েছেন। গুরুতর আহত শুভ (২৮) ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

