বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাদের পাশে থেকে সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবে।
শুক্রবার দুপুরে নাটোর শহরের পিলখানা কাপুড়িয়াপট্রি এলাকায় শ্রী মন মহাপ্রভুর বাৎসরিক ভোগ মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০৮-২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে নাটোর কারু-কাঞ্চন জুয়েলার্সে দুইবার ডাকাতি হয়েছে। সন্ধ্যায় যমুনা জয়েলার্সে হামলা ও ডাকাতি হয়েছে। হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, জমি দখল, বাড়ি দখল, পুকুর দখল সব হয়েছে আওয়ামী লীগের আমলে। সবচেয়ে স্বর্ণযুগ ছিল বিএনপির শাসন আমলে।
বিএনপির নেতা দুলু বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে সকল কর্মকাণ্ডকে সহযোগিতা করবো। এ দেশ আমাদের, যার যার ধর্ম সে সে পালন করবে। আমাদের মধ্য কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ভাই ভাই। হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান আমরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
নাটোর জুয়েলার্স অ্যাসোসিয়েশন সভাপতি পদে স্বপন কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে রঘুনাথ কর্মকার,জয়কালী বাড়ি মন্দিরের সভাপতি নীলমনি কর্মকার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

