ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। যমুনা সেতুর সংযোগ মহাসড়কে ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কখনও ধীরগতি আবার কখনও থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
যানবাহনের প্রচুর চাপ ও সেতুর ওপর একাধিক লোকাল বাস দুর্ঘটনার কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।
যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যমুনা সেতু দিয়ে দেশের উত্তরাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক দিনের তুলনাই এখন দ্বিগুন যানবাহন চলাচল করছে। এই মুহুর্তে প্রচুর চাপ রয়েছে। যে পরিমান যানবাহন আসছে সেই পরিমান ছাড়তে পারছি না। এর সাথে সেতুর উপর অনেক লোকাল বাস নষ্ট হয়ে যাচ্ছে। পাঁচ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকলে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে। যান বাহনের চাপে মাঝে মধ্যে টোল আদায় বন্ধ রাখতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যান চলাচল স্বাভাবিক রাখতে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এই মুহুর্তে ঢাকামুখী যানবাহনের প্রচুর চাপ রয়েছে। সেই তুলনাই উত্তরাঞ্চলমুখী যানবাহনের চাপ কম। পুলিশ এবং সেতু কর্তৃপক্ষ চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক রাখতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

