চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি জুলাই মাসেই জেলায় নতুন করে ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছরে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ রোববার সকাল ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগমকে গত ২৬ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ডেঙ্গুর পাশাপাশি উচ্চ রক্তচাপজনিত (এইচটিএন) জটিলতা থেকে ‘মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম’ (এমওডিএস) দেখা দেওয়ায় তার মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত ৭৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চলতি জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৪৫৭ জন। এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু হয় ফেব্রুয়ারি মাসে। বাকি দুজনের একজন মরিয়ম বেগম (৩১) নামে আরেক নারী মারা গেছেন ১১ জুলাই। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নগরের ও একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ৭৫৫ জন ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ১৯১ জন নারী, ৪৩৯ জন পুরুষ এবং ১২৫ জন শিশু। শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৪৫৭ জন, যা চলতি বছরের সর্বোচ্চ মাসিক সংক্রমণ হিসেবে উদ্বেগ তৈরি করেছে।
ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

