বিএনপির সমাবেশে সংঘর্ষ-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বিএনপির সমাবেশে সংঘর্ষ-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের পৌরপার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে আশরাফুল হকের কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের অনুসারীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এ সময় মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুর করা হয়।

সংঘর্ষের মাঝেই সমাবেশ বর্জন করে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে বেরিয়ে যান আশরাফুল হক। এরপর আবারও সমাবেশ শুরু হয়। পরে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বক্তব্য রাখার সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

শরীফ উদ্দীন বলেন, জাতীয়তাবাদী শক্তি, জিয়ার সৈনিকরা এমন ঘটনা ঘটাতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমি এই অপ্রীতিকর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, অনুষ্ঠানে আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়ার কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষেরই কেউ আহত হননি। বিষয়টি দলীয়ভাবেই সমাধান করা হবে।

সদর থানার ওসি রইস উদ্দীন বলেন, বিএনপির সমাবেশস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপরও দুই গ্রুপের মধ্যে মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন