কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে

কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে
ছবি: আমার দেশ

ব্রিজ আছে তবে নেই কোনো সংযোগ সড়ক। তাই প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হচ্ছে শত শত মানুষকে। ফলে

পাবনার ফরিদপুর উপজেলার দেওভোগ দহপাড়া খালের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি কোনো কাজে আসছে না।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৯৫ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মেয়াদ সংশোধন করে তা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ব্রিজটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ হয়নি।

‎‎সরেজমিন দেখা যায়, স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে দহপাড়া খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। এর পূর্ব পাশে রয়েছে দহপাড়া, দেওভোগ ও বাঙ্গাবাড়িয়া গ্রাম। এখানে রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ও। পশ্চিম পাশে রয়েছে দহপাড়া, দেওভোগ গ্রামের বাকি অংশ ও লক্ষ্মীকোল গ্রামসহ একাধিক জনবসতি। পশ্চিম পাশে রয়েছে দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কিন্তু জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় এসব এলাকার লোকজন বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা।‎

‎স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, ব্রিজটি নির্মাণের পর ভেবেছিলাম দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। কিন্তু সংযোগ সড়ক না থাকায় উল্টো দুর্ভোগের শিকার হচ্ছি।

‎বিএলবাড়ী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন বলেন, ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় মানুষ ভোগান্তিতে পড়েছে। জনস্বার্থে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করা দরকার।

‎এ বিষয়ে ফরিদপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান বলেন, এরই মধ্যে ঠিকাদার সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছেন। তাকে দ্রুত কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন