সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়ির নারিকেল গাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাপ্পু সরকার বগুড়ার শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের তেলিজানা এলাকায় শ্বশুর নূরনবীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়ির নারিকেল গাছ পরিষ্কার করতে উঠেছিলেন পাপ্পু। এ সময় নারিকেল গাছের ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত কাছে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং গাছটির সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় থাকে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজার রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিশেষ কৌশলে নারিকেল গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

