সিরাজগঞ্জের কাজীপুরে এক গরু ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে চলে গেছে একদল দুষ্কৃতকারী। রোববার বিকেল সাড়ে ৪টায় দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজারে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা ওই ব্যবসায়ীর কাছে থাকা গরু বিক্রির ৬ লাখ ৯০ হাজার টাকা নিয়ে গেছে।
ছিনতাইয়ের শিকার হয়ে আহত হওয়া ওই ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর ছেলে। রাতেই ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাজীপুর থানায় একটি মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানায় দেওয়া মামলা সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রোববার কাজীপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করেন। বিকেলে আরও দুই ব্যবসায়ীসহ তিনি সিএনজি অটোযোগে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে ব্যবসায়ীদের গাড়ি পৌঁছালে ওত পেতে থাকা তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির গতি রোধ করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা ওই তিন ব্যবসায়ীর মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত চরভানুডাঙ্গা রোডে চলে যায় তারা।
পরে স্থানীয় লোকজন ও আহত রাজ্জাকের সঙ্গে থাকা অন্য গরু ব্যবাসীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
নাম প্রকাশ না করার শর্তে হাজরাহাটি বাজারের এক ব্যবসায়ী জানান, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে সিএনজির তিন লোককে মারধর শুরু করে। তারা কিলঘুষি ও পরে কোপ দেয়। ভয়ে দোকানঘরের আড়ালে যাই। কয়েক সেকেন্ড পরেই মোটরসাইকেল নিয়ে ওই তিন দুষ্কৃতকারি চলে যায়। এ ঘটনায় আমরা আতঙ্কে আছি।’
কাজীপুর থানার অফিসার ইনচার্জ শাহ এনায়েতুর রহমান জানান, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেওয়া হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলামান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

