ভিসিকে পদত্যাগে বাধ্য করায়

রামেবিতে চিকিৎসক-শিক্ষকদের মানববন্ধন

রামেবিতে চিকিৎসক-শিক্ষকদের মানববন্ধন
ছবি: আমার দেশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের ওপর মব সৃষ্টি করে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ এনে মানববন্ধন করেছেন মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকসমাজ। বুধবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২৫ থেকে ৩০ জনের একটি সংবদ্ধ দল মব তৈরি করে একজন সম্মানিত উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে ও ভয়ভীতি দেখিয়ে পদত্যাগে বাধ্য করার অপচেষ্টা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্টের চক্রান্ত। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মব-সংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। একই সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, নিরপেক্ষ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা।

এ মানববন্ধনে অংশ নেন ইন্টার্ণ ডাক্তার, মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন