নাটোরের বাগাতিপাড়াজুড়ে এখন যেন লিচুর উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে ঝুলছে লালচে রঙের রসালো লিচুর থোকা। চারদিকে ছড়িয়ে পড়েছে লিচুর মিষ্টি সুবাস। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পরিচর্যার কারণে চলতি মৌসুমে বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন স্থানীয় চাষিরা।
উপজেলার জামনগর, পাঁকা, দয়ারামপুর ও বাগাতিপাড়া সদরসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় শতাধিক লিচু বাগানে এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা।
কেউ গাছ পরিচর্যায় ব্যস্ত, কেউ পোকার আক্রমণ ঠেকাতে স্প্রে করছেন, আবার কেউ আগাম বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন। কীটনাশক ব্যবসায়ী মজনু আলী ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর সার, কীটনাশক ও শ্রমিকের খরচ কিছুটা বেড়েছে।
তারপরও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করছেন তারা। বিশেষ করে দেশি ও বোম্বাই জাতের লিচুর চাহিদা বেশি থাকায় বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনাও দেখছেন চাষিরা।
লিচু চাষি আব্দুল কাদের বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর গাছে লিচু অনেক বেশি এসেছে। আবহাওয়াও এখন পর্যন্ত ভালো আছে। যদি ঝড় বা শিলাবৃষ্টি না হয়, তাহলে ভালো লাভ হবে বলে আশা করছি।’
ব্যবসায়ী রাজিউজ্জামান বলেন, ‘বাগাতিপাড়ার লিচুর স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় প্রতি বছরই স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন। এবার ফলন ভালো হওয়ায় বাজারও জমজমাট হবে বলে আশা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, চলতি মৌসুমে বাগাতিপাড়ায় প্রায় ৯০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘লিচুর গুণগত মান ভালো রাখতে কৃষকদের নিয়মিত তদারকি করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উৎপাদন সন্তোষজনক হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

