বগুড়ায় ‘বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা।
সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভার সভাপতি উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। তিনি বৈষম্যহীন সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং গুজব প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সেক্রেটারি এসএম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ (জেলা প্রতিনিধি, নয়াদিগন্ত) প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সমতা, ন্যায্যতা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব অনেক। বিশেষ করে গুজব প্রতিরোধে তথ্য যাচাই ও জনসচেতনতা তৈরির ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক।
সাংবাদিকদের মুক্ত আলোচনায় গুজব রোধে করণীয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্যের প্রসার এবং সংবাদ পরিবেশনের সতর্কতা বিষয়ক মতামত উঠে আসে।
আলোচনাসভা দুপুর ১টা পর্যন্ত চলে এবং গণমাধ্যমের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

