শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২
ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ছনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৮-২১৮৫ নম্বরের একটি ট্রাক মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১২-৫৪৫৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন