রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌর এলাকায় পদ্মা নদীর ভাঙন পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী -তানোর) আসনের সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার দুপুরে পৌর এলাকার রেলওয়ে বাজার হতে সারেংপুর এলাকা পর্যন্ত ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে নদীর তীব্র স্রোতে বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি সরেজমিনে দেখেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দা আমির হামজা নদীভাঙনের কারণে তাদের আতঙ্ক ও দুর্ভোগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এবং স্থানীয়রা দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা শামীম আহমেদ জানান, পদ্মা নদীর ভাঙনে বেশ কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। যেকোনো সময় আরও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে পরিদর্শন ও মতবিনিময়ের সময় এমপি মুজিবুর রহমান বলেন, ‘নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। ভাঙন রোধে স্থায়ী কার্যকরী পদক্ষেপ নেওয়ার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদে উত্থাপন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেন।
এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে, যাতে করে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষা করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, গোদাগাড়ী পৌর জামায়াতের আমির আনারুল ইসলাম, রাজশাহী জেলা শিক্ষক ফোরামের সভাপতি ড. ওবায়দুল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

