রাজশাহীতে সৎভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি জেলার বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা।
সোমবার দিবাগত মধ্যরাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর রাজশাহীর একটি দল তাকে গ্রেপ্তারে এই অভিযান চালায়।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) আসামি কামালের সৎভাই। নিহত ছাদেক পেশায় ছাগল ব্যবসায়ী ছিলেন। পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। ১৩ মে বিকালে ছাদেক ব্যবসার কাজে বাঘা উপজেলার চন্ডীপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে ফিরতে দেরি হলে ছাদেক তার স্ত্রীকে ফোনে জানান, তিনি কামালের বাড়িতে আছেন।
পরে ১৪ মে দুপুরে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর লাশ উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে দশটা থেকে পৌনে বারোটার মধ্যে কামাল পরিকল্পিতভাবে ছাদেককে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ আমবাগানে ফেলে রেখে পালিয়ে যান কামাল।
র্যাব জানায়, ঘটনার পর নিহত ছাদেক আলীর স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। ২৭ দিন পর সোমবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি কামালকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

