সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলাম হত্যা মামলায় রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হীরা মিয়াসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান, তার ভাই রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হীরা মিয়া, সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম এবং জেছারত আলীর ছেলে আব্দুল মজিদ। তবে দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ ইতোমধ্যে মারা গেছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা।
শাহানশাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় মোট ১৪ জন আসামি ছিলেন। এর মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলার অভিযোগপত্রে বলা হয়, রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৬ জানুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

