নাটোরের লালপুরে মাদকবিরোধী গোয়েন্দা অভিযান পরিচালনাকালে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় র্যাব-৫ এর একটি টিম সিভিল পোশাকে মাদক উদ্ধারে গোয়েন্দা অভিযান চালায়।
এ সময় স্থানীয় সোহাগ মাহমুদ (৩০) এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ব্যক্তি র্যাব সদস্যদের গতিরোধ করে তাদের পরিচয় জানতে চান। র্যাব সদস্যরা নিজেদের পরিচয় নিশ্চিত করে মোটরসাইকেলযোগে স্থান ত্যাগ করার চেষ্টা করলে অভিযুক্তরা র্যাবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। একপর্যায়ে র্যাবের ওপন হামলা করেন তারা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
এঘটনায় র্যাব সদস্য মো. শাহীন হোসেন (৩০) আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ সময় নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহাগ মাহমুদ (৩০) কে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান , ঘটনার সঙ্গে জড়িত একজনকে হেফাজতে নেয়া হয়েছে অন্যান্যদের শনাক্তে কাজ চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

