বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এ জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। নারী, পুরুষ, শিশুসহ অর্ধশতাধিক মুসল্লি এতে অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, গাবতলীসহ কাহালু ও ধুনট উপজেলা থেকেও কিছু মুসল্লি এ জামায়াতে অংশগ্রহণ করেন। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে নামাজ অনুষ্ঠিত হয়। খোলা মাঠের পরিবর্তে এ বছর মসজিদের ভেতরেই ঈদের জামায়াত সম্পন্ন করা হয়। তারা নামাজ শেষে নিজ নিজ গন্তব্য গিয়ে কুরবানি দেবেন বলে জানান।
আয়োজকেরা জানান, আবহাওয়ার কারণে অনেক মুসল্লি এবার জামায়াতে অংশ নিতে পারেননি। এটি গাবতলীতে সৌদির সঙ্গে মিল রেখে চতুর্থবারের মতো আগাম ঈদ উদ্যাপন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকদের দাবি, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী রোজা ও ঈদ পালন করা উচিত। এই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করছেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামায়াত সম্পন্ন হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

