পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দেশীয় প্রজাতির মাছের বংশ রক্ষায় বুধবার বিকেল ৪টায় উপজেলার পাটুল, আদাবাড়ীয়া ও পুইবিল এলাকায় এ অভিযান চালায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন।
মৎস্য অফিস জানায়, শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে নতুন পানি আসার সঙ্গে সঙ্গে অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য নিধন করছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলার পাটুল, আদাবাড়ীয়া ও পুইবিল এলাকায় অভিযান চালিয়ে ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম ও ভাঙ্গুড়া থানার এসআই মো. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

