জয়পুরহাটের আক্কেলপুরে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
নিহত আতাহার আলী আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর গ্রামের মৃত দশরত মিয়ার ছেলে। তিনি গ্রামের বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া কয়েক ব্যক্তি আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে রেলসেতুর ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি আক্কেলপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, ভোরে হাঁটতে বের হয়ে রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ দেখতে পান তিনি। রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
নিহতের প্রতিবেশী রতন চন্দ্র বলেন, আতাহার আলী কয়েক দিন আগে চিকিৎসার জন্য তার ছেলেমেয়ের কাছে ঢাকায় গিয়েছিলেন। বাড়িতে ফেরার কথা জানিয়ে তার মেয়ে ফোনে তাকে বিষয়টি জানিয়েছিলেন। বাড়ির চাবিও তার কাছে রেখে গিয়েছিলেন আতাহার আলী। আক্কেলপুর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন রতন চন্দ্র। সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-7454c8-720x405.webp)